চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে একযোগে ফলাফল জানতে পারবেন।

বিজ্ঞাপন · inarticle_1

ওয়েবসাইট থেকে যেভাবে সংগ্রহ করবেন ফলাফল

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট ওয়েবসাইট (eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd)-এর 'Result Corner'-এ ক্লিক করে বোর্ড ও নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে প্রবেশ করে সম্পূর্ণ রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই নিজেদের ব্যক্তিগত ফলাফল দেখতে ও সংগ্রহ করতে পারবেন।

মোবাইল এসএমএসে যেভাবে ফল জানবেন

ইন্টারনেট ছাড়াও যেকোনো মোবাইল নম্বর থেকে খুব সহজে SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

পদ্ধতি: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (2026)

উদাহরণ: HSC Dha 123456 2026

এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16140 নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

১ নভেম্বর থেকে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রয়োজন হলে অনলাইনে আবেদন করতে পারবেন।

আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া, ফি জমা দেওয়ার নিয়ম এবং অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা যথাসময়ে শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।